1
1
শ্রেয়া সেনগুপ্ত কলকাতা:কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র ও শনিবার রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
চৈত্রের শুরু থেকেই দফায় দফায় ঝড়-বৃষ্টিতে ব্যাহত হয়েছে জনজীবন। ফের সেই পরিস্থিতির পুনরাবৃত্তির ইঙ্গিত মিলছে। বৃহস্পতিবার মেঘ-রোদের লুকোচুরি চললেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?
কলকাতা-সহ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে।
শনিবার কলকাতায় ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আজ বিকেলের পর থেকেই পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগ শুরু হতে পারে।
‘মেঘ ভাঙা’ বৃষ্টির সতর্কতা
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী, এমনকি ‘ক্লাউড ব্রাস্ট’ বা মেঘ ভাঙা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে।
উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি
শুক্রবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী দুদিনে ৭০–১১০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ৫০–৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
সব মিলিয়ে, সপ্তাহান্তে গোটা রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রবল সম্ভাবনা। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।