1
1
সুমিত দে, কাটোয়া:ডাউন কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে চলন্ত অবস্থাতেই এক মহিলার প্রসবের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। হঠাৎ প্রসব বেদনা শুরু হওয়ায় ট্রেনের মধ্যেই জন্ম নেয় একটি সন্তান। পরিস্থিতি মুহূর্তে জটিল হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে দ্রুত তৎপর হয় কাটোয়া জিআরপি। সাব-ইন্সপেক্টর সুপ্রিয়া মুখার্জির নেতৃত্বে জিআরপি-র একটি দল ট্রেনটি কাটোয়া রেলস্টেশনে পৌঁছানোর আগেই প্ল্যাটফর্মে প্রস্তুত অবস্থায় পৌঁছে যায়।
ট্রেন স্টেশনে ঢুকতেই জিআরপি ও আরপিএফ কর্মীরা সতর্কতার সঙ্গে মা ও সদ্যোজাত শিশুকে নামিয়ে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও নবজাতক দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছেন। সময়োপযোগী পদক্ষেপ ও মানবিক উদ্যোগের জন্য কর্তব্যরত জিআরপি ও আরপিএফ কর্মীদের প্রশংসা করেছেন যাত্রীরা।