Popular Posts

“আমার ভাষা বাংলা অপমান নয়, সম্মান চাই” আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্পষ্ট বার্তা মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের

শ্রেয়া সেনগুপ্ত কলকাতা:“আমার ভাষা নিয়ে আমি গর্বিত। কিন্তু পৃথিবীর প্রতিটি ভাষাকেই আমি সম্মান করি।”
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই স্পষ্ট ও দৃঢ় বার্তাই দিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরহাদ হাকিম বলেন, প্রত্যেক মানুষের কাছেই তাঁর মাতৃভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভাষা বাংলা বলেই যেন তাকে অপমান করা না হয়, লাঞ্ছিত বা অত্যাচারিত করা না হয়—এই আবেদনই আজকের দিনে সবচেয়ে জরুরি।
তিনি আরও বলেন,
“আমি তোমার ভাষাকে সম্মান করি, তুমিও আমার ভাষাকে সম্মান করো। আমি বাঙালি বলেই আমাকে অপমানিত বা অত্যাচারিত হতে হবে—এটা কখনও মেনে নেওয়া যায় না। আমি বাঙালি, আমি আমার ভাষায় কথা বলব। তুমি তোমার ভাষায় কথা বলো—এটাই সহাবস্থানের সৌন্দর্য।”


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতা পুরসভার পক্ষ থেকে এদিন ২১শে উদ্যানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য, কলকাতা পুরসভার সচিব সহ একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানে উঠে আসে একটাই বার্তা—
ভাষা বিভাজনের নয়, ভাষা সম্মানের;
ভাষা দখলের নয়, ভাষা অধিকারের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে কলকাতা পুরসভার এই শ্রদ্ধানুষ্ঠান ও মেয়রের বক্তব্য নতুন করে স্মরণ করিয়ে দিল—ভাষাই পরিচয়, ভাষাই সম্মান, আর ভাষার অধিকার রক্ষা করাই প্রকৃত গণতন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *