Popular Posts

তৃণমূলে প্রতীক উর রহমান: দলের আদর্শ তুলে ধরে বাম–বিজেপিকে একহাত নিলেন অভিষেক

সুমিত দে, কলকাতা:
জল্পনার অবসান। শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের আমতলার কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সিপিএম যুবনেতা প্রতীক উর রহমান। তাঁকে পাশে নিয়ে দাঁড়িয়েই বাম ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক।
প্রতীকের যোগদান ঘিরে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন ওঠার আগেই অভিষেক স্পষ্ট করে দেন, প্রতীক নিজেই এসে বলেছেন—
“দাদা, আমাকে টিকিট দেবেন না। আমি মানুষের জন্য কাজ করতে চাই।”
এই মন্তব্যকে তুলে ধরে অভিষেক বলেন, আজকের রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজন।
এরপরই বাম ও বিজেপির বিরুদ্ধে একের পর এক তির ছোড়েন অভিষেক। তিনি বলেন, প্রতীক উর রহমানের মতো তরুণরাই রাস্তায় নেমে লড়াই করেছে। অথচ আজ তাঁদেরই ‘গদ্দার’ বলা হচ্ছে। সিপিএম নেতাদের কটাক্ষ করে অভিষেক বলেন, খুব গায়ে জ্বালা হচ্ছে কিছু নেতার। সংবাদ মাধ্যমে বসে তাঁরা বলছেন, ডিল হয়েছে। অথচ প্রতীক আমার সঙ্গে দেখা করেই বলেছে—সে কোনও পদ বা টিকিট চায় না, শুধু মানুষের জন্য কাজ করতে চায়। আজকের দিনে এমন নেতা কজন আছে, যাদের কোনও চাওয়া-পাওয়া নেই?


তিনি আরও বলেন, যাঁরা সারাক্ষণ সংবাদ মাধ্যমে থাকেন, তাঁরা আসলে লড়াই করেন না। মাঠে নেমে কাজ করার সাহস তাঁদের নেই।
এসআইআর প্রসঙ্গ টেনেও বামেদের কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, দেশের একাধিক রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু মানুষের হয়রানি নিয়ে একমাত্র তৃণমূলই মুখ খুলেছে। সিপিএম যেখানে ক্ষমতায় রয়েছে, সেই রাজ্যগুলিতেও তাদের নেতারা রয়েছেন। কেরালায় সিপিএম নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তৃণমূলের আদর্শ ব্যাখ্যা করে অভিষেক বলেন, মানুষের পাশে দাঁড়ানো, পরিষেবা পৌঁছে দেওয়া, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই তৃণমূলের রাজনীতি। আর সিপিএমের আদর্শ কী—এই প্রশ্ন তুলে তিনি বলেন, কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, বাংলায় আবার একসঙ্গে চলা, লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলা—এটাই কি আদর্শ?
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শেষে রাস্তাতেই প্রতীক উর রহমানের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতীকের সঙ্গে তাঁর জেলার আরও ৯ জন নেতা এদিন তৃণমূলে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *