Popular Posts

পুত্রসন্তানের মোহে নৃশংস পরিণতি: তিন কন্যার জন্মের ‘অপরাধে’ স্ত্রীকে গলা কেটে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

নিজস্ব প্রতিনিধি,বিহার:পুত্রসন্তান না হওয়াকে কেন্দ্র করে ফের এক মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়াল বিহারের জামুই জেলায়। অভিযোগ, তিন কন্যাসন্তানের জন্ম দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে খুন করে স্বামী। ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে।


নগর থানার অন্তর্গত আমরথ গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। মৃতার নাম তরানা খাতুন (২৬)। অভিযোগ অনুযায়ী, তাঁর স্বামী ইরফান আনসারি দীর্ঘদিন ধরেই পুত্রসন্তান না হওয়া নিয়ে অশান্তি করত। সম্প্রতি তৃতীয় কন্যাসন্তানের জন্মের পর সেই বিবাদ চরমে ওঠে। রবিবার সেই ক্ষোভই রূপ নেয় ভয়াবহ অপরাধে।
স্থানীয়দের দাবি, পুত্রসন্তান নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির চাপ সহ্য করছিলেন তরানা। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েতের বৈঠকও হয়েছিল, কিন্তু কোনও স্থায়ী সমাধান হয়নি। ঘটনার পর শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা এলাকা ছেড়ে পালায় বলে পুলিশ সূত্রে খবর।
খবর পেয়ে মৃতার পরিবার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিহার পুলিশ জানিয়েছে, পলাতক শ্বশুরবাড়ির সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।


পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ এবং পুত্রসন্তান না হওয়ার মানসিকতা থেকেই এই হত্যাকাণ্ড। ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *