Popular Posts

ভাতা ছিলই, প্রয়োজন কর্মসংস্থান—নির্বাচনের আগে পার্থর মন্তব্যে নতুন জল্পনা

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:ভাতা নতুন কিছু নয়, আসল প্রয়োজন কর্মসংস্থান—এই মন্তব্য ঘিরেই শনিবার রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করলেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। জেলমুক্তির পর প্রথমবার নিজের বিধানসভা এলাকায় জনসংযোগে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় এই মন্তব্য করেন।
শনিবার বেহালা পশ্চিমে জনসংযোগে বেরিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন,
“ভাতা তো এই প্রথম দেওয়া হচ্ছে না। বাম আমলেও ভাতা ছিল, বিজেপি-শাসিত রাজ্যেও ভাতা রয়েছে। কিন্তু সবচেয়ে আগে দরকার কর্মসংস্থান। মানুষের হাতে কাজ না থাকলে শুধু ভাতা দিয়ে সমস্যার সমাধান হয় না।”
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তিনি রাজ্য সরকারের শিল্প ও পরিষদীয় মন্ত্রী ছিলেন। পরে ইডির গ্রেফতারের পর তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয় এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন জেলে থাকার পর গত বছরের ১১ নভেম্বর তিনি কারামুক্ত হন।
কারামুক্তির পর দীর্ঘদিন কার্যত জনজীবনের বাইরে থাকলেও, সাম্প্রতিক সময়ে তাঁকে বিধানসভার দুটি কমিটির সদস্য করা হয়েছে। শনিবার সেই পর্বেরই অঙ্গ হিসেবে জনসংযোগে বেরিয়ে ফের সক্রিয় হলেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে পার্থর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড বিধায়ক। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর তৃণমূলের টিকিট পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই মত অনেকের। এই অবস্থায় তিনি আদৌ নির্বাচনে লড়বেন কি না, লড়লে কোন রাজনৈতিক ব্যানারে—না কি নির্দল হিসেবে—তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
আর ঠিক এই আবহেই রাজ্য সরকারের ভাতা-ভিত্তিক প্রকল্পের সীমাবদ্ধতার কথা তুলে ধরে কর্মসংস্থানের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ায় সেই জল্পনা আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *