1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা: দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক। সোমবার সকালে আনন্দপুরের নাজিরাবাদ সংলগ্ন Urbana Complex-এর একটি টাওয়ারে আচমকা আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালবেলা আরবানার চতুর্থ টাওয়ারের পাঁচতলা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই বিষয়টি নজরে আসে নিরাপত্তারক্ষী ও বাসিন্দাদের। সতর্কতাবশত একাধিক ফ্ল্যাটের বাসিন্দা ঘর ছেড়ে নীচে নেমে আসেন। আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দ্রুত চালু করায় আগুন শুরুতেই অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে দমকল কর্মীরা এসে পরিস্থিতি পুরোপুরি সামাল দেন।

এই অভিজাত আবাসন টলিউডের একাধিক পরিচিত মুখের ঠিকানা হিসেবেও পরিচিত। এখানে থাকেন অভিনেত্রী পায়েল সরকার, লহমা ভট্টাচার্য-সহ আরও অনেকে। একই কমপ্লেক্সে বসবাস করেন দেব, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়-এর মতো তারকারা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনাটি ঘিরে কৌতূহল ও উদ্বেগ বাড়ে।
ঘটনার পর পায়েল সরকার জানান, সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি আগুন লাগার বিষয়টি জানতে পারেন। যে অংশে আগুন লাগে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে বলেই তিনি আশ্বস্ত করেন।
এই ঘটনায় কারও হতাহতের খবর নেই। তবে কিছু সময়ের জন্য গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দমকল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে, যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, কয়েক দিন আগেই টালিগঞ্জের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ কলকাতার আরেকটি অভিজাত আবাসনে আগুন লাগার ঘটনায় বহুতলগুলির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
বারবার কেন আগুন লাগছে আরবানার মতো অত্যাধুনিক আবাসনে? রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক নিরাপত্তা ও নজরদারিতে কি কোথাও ঘাটতি থেকে যাচ্ছে?—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাসিন্দা ও নগরবাসীর মনে।

বাসিন্দাদের একাংশের মতে, দ্রুত তৎপরতা এবং নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার কারণেই এবার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত অগ্নি-নিরাপত্তা পরীক্ষা জরুরি বলেই মত তাঁদের।