1
1
সুমিত দে, নয়াদিল্লি:ইরানকে ঘিরে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করে তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমেরিকার উদ্বেগ দীর্ঘদিনের। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা দ্রুত বাড়ছিল এবং তা শুধু আমেরিকা নয়, ইউরোপ ও মার্কিন সামরিক ঘাঁটির জন্যও বড় হুমকি হয়ে উঠছিল।

ট্রাম্প বলেন, “আমরা আগেই সতর্ক করেছিলাম। কিন্তু তারা সেই বারণ শোনেনি।”
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের উপর হামলার সিদ্ধান্ত আগে থেকে নির্ধারিত ছিল না। পরিস্থিতির গুরুত্ব বিচার করেই শেষ পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়। তাঁর কথায়, নির্দিষ্ট পদক্ষেপ না নিলে মাত্র দু’সপ্তাহের মধ্যেই ইরানের হাতে পরমাণু অস্ত্র পৌঁছে যেতে পারত।
তেলের দাম বা আন্তর্জাতিক অর্থনৈতিক প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমি সবসময় যা সঠিক মনে করি, সেটাই করি—এবারও তাই করেছি।”

এদিকে, ইরানের তরফে সম্ভাব্য পাল্টা হামলার হুঁশিয়ারির প্রসঙ্গ তুলে ট্রাম্প কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি ইরান প্রত্যাঘাতের পথে হাঁটে, তাহলে আমেরিকার জবাব হবে এমন, “যা আগে কখনও দেখা যায়নি।”
এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।