1
1
সুমিত দে, কলকাতা:
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর নির্বাচন কমিশন। ভোট প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবার কলকাতায় আসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চের সফরের আগেই এই প্রাথমিক পর্যালোচনা সফরকে ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা।
কমিশন সূত্রে খবর, আগামী রবিবার (৮ মার্চ) সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রতিনিধি দলটি কলকাতায় পৌঁছবে। দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল।

প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা
শহরে পৌঁছেই প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন।
বৈঠকে মূলত আলোচনা হবে—
নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি
ভোটার তালিকা সংশোধনের কাজ
বুথ বিন্যাস ও অবকাঠামো
প্রশাসনিক সমন্বয়ের বর্তমান পরিস্থিতি
নির্বাচন পরিচালনায় রাজ্য কতটা প্রস্তুত, সেই সামগ্রিক চিত্রই জানতে চাইছে কমিশন।
আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা।
বৈঠকে উপস্থিত থাকবেন—

পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা
আয়কর দপ্তরের প্রতিনিধিরা
আবগারি দফতরসহ বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার নোডাল অফিসাররা
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলার পরিস্থিতি, নজরদারি ব্যবস্থা এবং নির্বাচনী আদর্শ আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের রূপরেখা নিয়েই আলোচনা হবে বলে জানা গেছে।
ফুল বেঞ্চ সফরের আগে গুরুত্বপূর্ণ বার্তা
রাজনৈতিক মহলের মতে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের রাজ্য সফরের আগে এই প্রস্তুতিমূলক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে কমিশন স্পষ্টভাবে বুঝতে চাইছে— রাজ্যের প্রশাসনিক কাঠামো আসন্ন নির্বাচনের জন্য কতটা প্রস্তুত।