1
1
অভিমন্যু সেনগুপ্ত :কলকাতা:আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করলেও তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে লাল-হলুদ শিবির। আর গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে এবার সরাসরি ফেডারেশনের সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ উগরে দিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো।
রমজান মাসে বিকেল ৫টায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন স্প্যানিশ কোচ। তাঁর বক্তব্য, বর্তমানে পবিত্র রমজান মাস চলায় দলের পাঁচজন মুসলিম ফুটবলার রোজা রেখেই মাঠে নামছেন।
অস্কার বলেন,
“আমাদের কয়েকজন খেলোয়াড় প্রায় ১২ ঘণ্টা জল না খেয়েই তীব্র গরমে খেলছে। তবুও তারা দলকে ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করছে। এই সময়ে বিকেল পাঁচটায় ম্যাচ রাখা একেবারেই যুক্তিসঙ্গত নয়। খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি আগে ভাবা উচিত।”
তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এআইএফএফ-এর সঙ্গে আলোচনা করা হয়েছে।
আক্রমণভাগে ভরসা এজেজ্জারি
এই মরশুমে ইস্টবেঙ্গলের স্প্যানিশ ফরোয়ার্ড ইউসেফ এজেজ্জারি চার গোল করে বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। পাশাপাশি ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগুয়েরা এবং ভারতীয় স্ট্রাইকার এডমন্ড লালরিন্ডিকা দু’টি করে গোল করেছেন। ম্যাচের আগের দিন সকালে অনুশীলন সেরে প্রস্তুতি চূড়ান্ত করে লাল-হলুদ শিবির।

চোট ও ভাগ্য— দুইই দায়ী
সাম্প্রতিক ম্যাচে হারের কারণ হিসেবে দুর্ভাগ্য ও চোট সমস্যাকেই দায়ী করেছেন অস্কার। তাঁর কথায়, ম্যাচ চলাকালীন রাকিপ, সউল ক্রেসপো এবং মহেশের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট দলের কৌশল পুরো বদলে দেয়।
“গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের ইনজুরি যেকোনো দলের জন্য বড় ধাক্কা। আমাদের পরিকল্পনা সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছিল,” বলেন তিনি।
রেফারিং নিয়েও ক্ষোভ
এদিন রেফারিং নিয়েও সরব হন ইস্টবেঙ্গল কোচ। তাঁর দাবি, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে প্রথম গোলটি স্পষ্ট অফসাইড ছিল।
অস্কারের স্পষ্ট মন্তব্য,
“আমি সাধারণত রেফারিং নিয়ে কথা বলতে চাই না। কিন্তু ওই গোলটি পরিষ্কার অফসাইড ছিল। সেই সিদ্ধান্ত না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। আমরা প্রাপ্য পয়েন্ট থেকে বঞ্চিত হয়েছি।”
গোয়ার বিরুদ্ধে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত ইস্টবেঙ্গল।