Popular Posts

নামমাত্র গয়না, ‘সাদামাঠা’ পোশাক! প্রীতিভোজে কম সাজেই নজর কাড়লেন Vijay Deverakonda ও Rashmika Mandanna

শ্রেয়া সেনগুপ্ত কলকাতা: বিয়ের দিন ছিল জমকালো আয়োজন, আর প্রীতিভোজে যেন তার ঠিক উল্টো ছবি। বিয়েতে কপাল থেকে পায়ের গোঁড়ালি পর্যন্ত গয়নায় মোড়া ছিলেন বরবেশী নায়ক Vijay Deverakonda। হবু স্ত্রী Rashmika Mandanna-র সাজেও ছিল চোখে পড়ার মতো গয়না। তাই রিসেপশনে তাঁদের সাজ কেমন হবে, তা নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। অনেকেই আশা করেছিলেন আরও বড়সড় ‘ধামাকা’।
কিন্তু চেনা হিসাব উলটে দিতে যেন ভালবাসেন এই জুটি। প্রীতিভোজে তাঁরা হাজির হলেন প্রায় নামমাত্র গয়না আর একেবারেই সাদামাঠা পোশাকে। তবু সেই সংযত সাজেই নজর কাড়লেন সবাইকে।
বিজয় বেছে নিয়েছিলেন খাঁটি দক্ষিণ ভারতীয় ঢঙের ছোট ঝুলের কুর্তা ও মুন্ডু বা ভেস্তি—যা লুঙ্গির মতো করে পরা ধুতি। দুধসাদা সিল্কের কাপড়ে নকশা বলতে কেবল রুপোলি জরির পাড়। গলায় একটি সরু হার এবং কব্জিতে একটি রিস্টলেট—মোটের উপর একেবারেই বাহুল্যবর্জিত সাজ।
অন্য দিকে রশ্মিকা পরেছিলেন লাল রঙের মাইসোর সিল্ক শাড়ি। শাড়ির জমিতে তেমন নকশা নেই, শুধু কালচে খয়েরি পাড়ে সোনালি জরির সূক্ষ্ম কাজ। দেখতে সাধারণ মনে হলেও একটু খুঁটিয়ে দেখলেই ধরা পড়ে তার সূক্ষ্ম কারুকাজ। পাড়ে সোনালি জরির সঙ্গে হাতে বোনা লেস, তাতে সলমা-চুমকির ঝলক। মুদ্রার মোটিফ দেওয়া পাড়ে আবার ছোট ছোট সোনালি পুঁতি বোনা।
গয়নার ক্ষেত্রেও ছিল সংযম। কোমরে কোমরবিছা, গলায় হার, কানে চাঁদবালি—এই সামান্য অলংকারেই সম্পূর্ণ হয়েছিল তাঁর সাজ। বিনুনি করা চুলে শাড়ির রঙের লাল ফুল গুঁজে নিয়েছিলেন তিনি।
বিজয়ের গলার হার ও রিস্টলেটও কিন্তু সাধারণ রুপোর নয়—রুপোলি রঙের সোনা, অর্থাৎ হোয়াইট গোল্ড। তাঁর বাঁ হাতের সরু ব্যান্ডের ঘড়িটিও নজর কাড়ে।
হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছিল জুটির বিয়ের প্রীতিভোজ। সাধারণত তারকাদের এই অনুষ্ঠানে পোশাক হয় বিয়ের দিনের থেকেও বেশি জমকালো। কিন্তু বিজয়-রশ্মিকা দেখিয়ে দিলেন—কম সাজেও যে ভিড়ের মধ্যে আলাদা করে নজর কাড়া যায়, তার জন্য বাড়তি আড়ম্বরের প্রয়োজন হয় না। ✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *