1
1
শ্রেয়া সেনগুপ্ত কলকাতা: নিরাপদ ভবিষ্যতের জন্য সঞ্চয় জরুরি—এ কথা সবাই জানেন। কিন্তু দৈনন্দিন জীবনের নানা খরচের ভিড়ে সেই সঞ্চয় করা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। কে কোন পরিবেশে বাস করছেন, তার উপরেও খরচের পরিমাণ অনেকটাই নির্ভর করে। মধ্যবিত্ত পরিবারের খরচের ধরণ যেমন এক রকম, তেমনই উচ্চবিত্তদের জীবনযাপন আলাদা।
এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে নিজের পরিবারের সঞ্চয়ের অভ্যাসের কথা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী Taapsee Pannu। তাঁর কথায়, বিলাসবহুল জীবনযাপন নয়, বরং হিসেব করে খরচ করতেই বেশি স্বচ্ছন্দ তাঁর পরিবার।
অভিনেত্রী জানান, তাঁর পরিবারের সদস্যদের তিনি মজার ছলে ‘সঞ্চয়-সম্রাট’ বলেই ডাকেন। কারণ, তাঁরা সব সময় ভাবেন কীভাবে খরচ কমানো যায়।
তাপসীর কথায়, “আমার বাড়ির সবাই সঞ্চয়-সম্রাট! আমার বাবা-মা সব সময় হিসাব করেন কীভাবে খরচ বাঁচানো যায়।”
তিনি আরও জানান, তাঁর বাবা-মা কখনও দিল্লি থেকে মুম্বইয়ে ফেরার সময় বিমানের চেক-ইন লাগেজে সবজি পর্যন্ত নিয়ে আসেন। কারণ, তাঁদের মতে দিল্লিতে সবজির দাম তুলনায় কম। তাই সেখানে বাজার করে মুম্বইয়ে নিয়ে আসেন।
শুধু তাই নয়, মুম্বইয়ে তাঁদের অ্যাপার্টমেন্টের কাছের দোকান থেকেও তাঁরা খুব একটা কেনাকাটা করেন না। তাপসীর কথায়, তাঁর বাবা-মা অনেক দূরের একটি দোকানে যান মুদিখানার জিনিস কিনতে—কারণ সেখানে দাম তুলনামূলক কম।
এই অভ্যাস থেকেই বোঝা যায়, সঞ্চয়ের জন্য ছোট ছোট সিদ্ধান্তও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাপসীর পরিবারের এই মনোভাব অনেকের কাছেই সঞ্চয়ের বাস্তব উদাহরণ হয়ে উঠতে পারে।