1
1
শ্রেয়া সেনগুপ্ত, মুম্বাই : বলিউড থেকে হলিউড—এই পথটা সহজ ছিল না মোটেই। তবু প্রতিকূলতাকে সঙ্গী করেই নিজের জায়গা তৈরি করেছেন মায়ানগরীর ‘জংলি বিল্লি’। মুখশ্রী থেকে গায়ের রং—নানা বিষয় নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু তাতেও থেমে যাননি। বরং বলিউডের ‘দেশি গার্ল’ নিজেকে প্রমাণ করেছেন আন্তর্জাতিক মঞ্চেও। আর সেই স্বীকৃতিরই আর এক দৃষ্টান্ত—৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বিশেষ ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
অস্কারের মঞ্চে এর আগেও উপস্থিত থেকেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে এ বার তিনি থাকছেন উপস্থাপকের ভূমিকায়। আগামী ১৬ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। অস্কার কমিটি যে উপস্থাপকদের তালিকা প্রকাশ করেছে, তাতে রবার্ট ডাউনি জুনিয়র এবং অ্যানি হ্যাথাওয়ের পাশাপাশি রয়েছে প্রিয়াঙ্কার নামও।
খবরটি প্রকাশ্যে আসতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন প্রাক্তন বিশ্বসুন্দরী। উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালে অস্কারের মঞ্চে উপস্থাপনার দায়িত্ব সামলেছিলেন তিনি। শুধু অস্কারই নয়, অতীতে ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ এবং ‘প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চেও সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন প্রিয়াঙ্কা।
এ দিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বর্তমানে দক্ষিণ ভারতীয় একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। শোনা যাচ্ছে, আগামী বছর শাহরুখ খান ও হৃত্বিক রোশনের সঙ্গে নতুন ছবির মাধ্যমে বলিউডে ফেরার পরিকল্পনাও রয়েছে ‘দেশি গার্ল’-এর।