Popular Posts

পাইকপাড়ায় ভোরবেলা বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবঘরের টিনের চাল

সুমিত দে, কলকাতা:শনিবার ভোরে উত্তর কলকাতার পাইকপাড়ায় আচমকা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বন্ধ একটি ক্লাবঘরে বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে উড়ে যায় ক্লাবঘরের টিনের চালের একটি বড় অংশ এবং আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় ঘরের ভেতরের অংশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাইকপাড়ার ১/২ সি গাঙ্গুলিপাড়া লেনের একটি বন্ধ ক্লাবঘরে সকাল প্রায় সোয়া ছটা নাগাদ হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের। প্রথমে এলাকার লোকজনই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোমা নিষ্ক্রিয়কারী দলও। ক্লাবঘরের ভেতরে আরও তাজা বোমা মজুত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিরাপত্তার কারণে আপাতত ক্লাবঘরের আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, ক্লাবঘরের ভিতরে মজুত থাকা বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। যদিও কীভাবে সেখানে বোমা এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পিছনে প্রোমোটিং সংক্রান্ত কোনও বিবাদ থাকতে পারে বলেও সন্দেহ করছেন এলাকার একাংশ। ইতিমধ্যেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
চিৎপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *