1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। গত কয়েকদিন ধরেই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি বাজারে চাপ বাড়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। সেই আশঙ্কার মধ্যেই এক ধাক্কায় বেড়ে গেল রান্নার গ্যাসের দাম।
শনিবার, ৭ মার্চ থেকে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৯৩৯ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৬০ টাকা বৃদ্ধি হয়েছে। এতদিন যে সিলিন্ডার ৮৭৯ টাকায় মিলত, এখন তার জন্যই গ্রাহকদের দিতে হবে প্রায় হাজার টাকার কাছাকাছি।
শুধু গৃহস্থালির গ্যাসই নয়, বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। এক ধাক্কায় ১১৪.৫০ টাকা বৃদ্ধি পেয়ে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১৯৯৯ টাকা।
গত কয়েক মাস ধরেই মূলত বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছিল। তবে এবার সরাসরি প্রভাব পড়ল সাধারণ মানুষের রান্নাঘরে। ফলে মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়বে বলেই মনে করছেন মধ্যবিত্ত পরিবারগুলি।
এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই ইতিমধ্যে ডবল সিলিন্ডারের নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অনেক পরিবারের জন্য গ্যাস ব্যবস্থাপনাও কঠিন হয়ে উঠতে পারে।
বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের কথা বললেও বাস্তবে মূল্যবৃদ্ধির বোঝা ক্রমশ বাড়িয়ে চলেছে কেন্দ্রের সরকার। তাদের দাবি, আন্তর্জাতিক পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্র দাম বাড়ানোর পথ বেছে নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের কোটি কোটি গৃহস্থের হেঁশেলে।