1
1
বঙ্গ Live কলকাতা Desk: নৈতিক মূল্যবোধের সঙ্গে ব্যাঙ্কের কিছু কাজকর্মের অমিল—এই কারণ দেখিয়েই পদত্যাগ করলেন HDFC Bank-এর পার্ট-টাইম চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট ডিরেক্টর Atanu Chakraborty। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের জেরে বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়েছে, শেয়ারের দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ব্যাঙ্কের বোর্ডের মধ্যে কাজের ধরন ও নীতি নিয়ে মতবিরোধ চলছিল। শেষ পর্যন্ত সেই অমিলই ইস্তফার দিকে ঠেলে দেয় অতনুকে।
অতনুর পদত্যাগের পর Reserve Bank of India অনুমোদন দিয়েছে Keki Mistri-কে অন্তর্বর্তী পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগের। যদিও কেকি মিস্ত্রির বক্তব্য, অতনুর চিঠিতে উত্থাপিত বিষয়গুলি সম্পর্কে বোর্ডের অন্য সদস্যরা অবগত নন।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে ব্যাঙ্কের বোর্ডে যোগ দেন অতনু চক্রবর্তী। গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার হিসেবে তিনি কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিশেষ করে ২০১৯-২০ অর্থবর্ষে অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব হিসেবে দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ ও বাজেট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
এই ঘটনার জেরে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বৃহস্পতিবার লেনদেন শুরুর আগেই HDFC Bank-এর শেয়ারের দাম প্রায় ৮.৭ শতাংশ পর্যন্ত নেমে যায়। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে প্রায় ১২.৯৭ লক্ষ কোটি টাকার বাজারমূল্য থাকা এই সংস্থার শেয়ার আজ বিনিয়োগকারীদের নজরের কেন্দ্রবিন্দুতে।