Popular Posts

সংসদে তৃণমূলের প্রশ্নবাণে চাপে মোদি সরকার, একাধিক ইস্যুতে জবাবদিহির দাবি

সুমিত দে,নয়াদিল্লি:সংসদের দুই কক্ষেই বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যু তুলে কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। শ্রমিকদের মজুরি থেকে শুরু করে ব্যাঙ্ক চার্জ, মিড-ডে মিল প্রকল্প, বিমান নিরাপত্তা, জল পরিশোধন ও খনিজ নীতি— একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুলে মোদি সরকারকে কার্যত চাপে ফেলে তৃণমূল প্রতিনিধিরা।
শ্রমিকদের প্রকৃত মজুরি নিয়ে প্রশ্ন
লোকসভায় তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার কৃষি, অকৃষি এবং নির্মাণ ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের প্রকৃত মজুরির পরিসংখ্যান জানতে চান। গত কয়েক বছরে শ্রমিকদের আয় ও বাস্তব মজুরি কতটা পরিবর্তিত হয়েছে, সেই তথ্য সংসদে পেশ করার দাবি জানান তিনি।


শিল্প করিডর ঘিরে পরিকল্পনা জানতে চাওয়া
লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও লজিস্টিক করিডরগুলির পাশে পাঁচটি ‘ইউনিভার্সিটি টাউনশিপ’ গড়ে তোলার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের রয়েছে কি না। থাকলে তার বিস্তারিত রূপরেখা প্রকাশের দাবি জানান তিনি।
ব্যাঙ্কের জরিমানা আদায় নিয়ে সরব
সৌগত রায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিরুদ্ধে অভিযোগ তুলে জানতে চান, ন্যূনতম ব্যালেন্স না থাকার কারণে সাধারণ গ্রাহকদের কাছ থেকে আট হাজার কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে কি না। একই সঙ্গে বেসরকারি ব্যাঙ্কগুলিও একই নীতি অনুসরণ করছে কি না, তার রিপোর্ট সংসদে জমা দেওয়ার দাবি তোলেন তিনি।
মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দের হিসেব


মালা রায় গত তিন বছরে মিড-ডে মিল প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ও প্রকৃত ব্যয়ের বিস্তারিত হিসেব চান। প্রস্তাবিত বাজেট, সংশোধিত বাজেট এবং বাস্তব ব্যয়ের তুলনামূলক তথ্যসহ শিশু প্রতি দৈনিক বরাদ্দ আদৌ বৃদ্ধি পেয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট উত্তর দাবি করেন তিনি।
বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ
রাজ্যসভায় ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তোলেন, ২০২৪ সালে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) কি সত্যিই ১২,৬৮৩টি গুরুতর অসঙ্গতি চিহ্নিত করেছে। এই বিষয়ে কোনও স্বাধীন বা নিরপেক্ষ অডিট হয়েছে কি না, তা জানতে চান তিনি।
খনিজ নীতিতে চিন নির্ভরতা প্রসঙ্গ
রাজ্যসভায় সাগরিকা ঘোষ রেয়ার আর্থ এলিমেন্টস ক্ষেত্রে ভারতের চিনের উপর নির্ভরশীলতা বাড়ছে কি না, সেই বিষয়ে খনি মন্ত্রকের অবস্থান স্পষ্ট করার দাবি জানান।


পানীয় জলের মান নিয়ে প্রশ্ন
সুখেন্দুশেখর রায় জানতে চান, গত তিন বছরে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি জলের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তার মধ্যে কতটিতে জীবাণু সংক্রমণ ধরা পড়েছে। জনস্বাস্থ্যের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান তিনি।
অমৃত ২.০ প্রকল্পের অগ্রগতি
দোলা সেন প্রশ্ন তোলেন, অমৃত ২.০ প্রকল্পের আওতায় গত দুই বছরে দেশে কতগুলি জল পরিশোধন কেন্দ্র অনুমোদন পেয়েছে এবং কতগুলি প্রকল্প এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।
সংসদের চলতি অধিবেশনে তৃণমূল সাংসদদের ধারাবাহিক প্রশ্নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্প নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এখন কেন্দ্রের জবাবের দিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *