Popular Posts

ডিম খাচ্ছেন, তবু শরীরে পৌঁছচ্ছে না ভিটামিন ডি! কী ভাবে খেলে মিলবে উপকার, কোন পদ্ধতি এড়াবেন?

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা: শরীর থেকে মন, চুল থেকে ত্বক— সব কিছুর সুস্থতার জন্যই ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড় মজবুত রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজ ঠিকভাবে চালাতে এই ভিটামিনের বড় ভূমিকা রয়েছে। কিন্তু আধুনিক জীবনযাপন, ঘরের ভিতরে বেশি সময় কাটানো, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহারের কারণে এখন ভিটামিন ডি-র ঘাটতি ঘরে ঘরে দেখা যাচ্ছে।
এই ঘাটতি মেটাতে অনেকেই খাদ্যতালিকায় ডিম রাখেন। কিন্তু শুধু ডিম খেলেই হবে না— কী ভাবে ডিম খাচ্ছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতিতে রান্না করলে ডিম থেকে শরীর অনেক বেশি ভিটামিন ডি শোষণ করতে পারে। এমনটাই জানাচ্ছেন পুষ্টিবিদ অনন্যা ভৌমিক।


ডিমের কুসুমেই থাকে সবচেয়ে বেশি ভিটামিন ডি। একটি সাধারণ মাপের মুরগির ডিমের কুসুমে প্রায় ১৮–২০ আইইউ (ইন্টারন্যাশনাল ইউনিট) ভিটামিন ডি থাকে। তাই শুধু সাদা অংশ খেলে শরীর এই ভিটামিনের পূর্ণ উপকার পাবে না। পুষ্টিবিদের মতে, স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে ডিম খেলে শরীরে ভিটামিন ডি আরও ভাল ভাবে শোষিত হয়।
তিনি জানান, ভারতে প্রচলিত রান্নার ধরন অনুযায়ী গোটা ডিম সেদ্ধ করে খাওয়া সবচেয়ে ভাল উপায়। পোচ বা হালকা ঝোল করেও খাওয়া যেতে পারে। সর্ষের তেল বা ঘি দিয়ে অল্প আঁচে ডিমভুর্জি বানালেও উপকার মেলে। তবে অতিরিক্ত ভাজা বা অমলেট বানালে ভিটামিন ডি-র শোষণ কমে যেতে পারে। কুসুম যদি অল্প সেদ্ধ থাকে বা হালকা বেক করা হয়, তখন তাতে ভিটামিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে।
কী ভাবে ডিম খেলে উপকার বেশি?
১. সেদ্ধ ডিমের সঙ্গে স্বাস্থ্যকর ফ্যাট
অল্প সেদ্ধ ডিমের সঙ্গে আটার রুটি বা মাল্টিগ্রেন পাউরুটি খাওয়া যেতে পারে। চাইলে সামান্য মাখন বা ঘিও যোগ করা যায়। এতে শরীরে প্রয়োজনীয় ফ্যাটের জোগান মেলে, যা ভিটামিন ডি শোষণে সাহায্য করে।
২. অল্প আঁচে ডিমভুর্জি
ডিমভুর্জি বানালে খুব বেশি সময় ভাজা উচিত নয়। ঢিমে আঁচে সর্ষের তেল বা ঘি ব্যবহার করে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে। ভুর্জিতে টম্যাটো, পেঁয়াজ, পালংশাক বা মাশরুমের মতো সবজি যোগ করলে খাবারের পুষ্টিগুণ আরও বাড়ে।
৩. ডিম সংরক্ষণের ক্ষেত্রেও নজর দিন
নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে, রান্না করার পর ঘরের তাপমাত্রায় রাখা ডিমে ফ্রিজে রাখা ডিমের তুলনায় সামান্য বেশি ভিটামিন ডি থাকতে পারে। তবে ভারতের আবহাওয়ায় খাবারের নিরাপত্তার কথা মাথায় রেখে ডিম ফ্রিজে রাখাই নিরাপদ।


সঠিক পদ্ধতিতে ডিম খেলে শুধু প্রোটিনই নয়, শরীর পাবে প্রয়োজনীয় ভিটামিন ডি-ও— যা সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *