1
1
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:টলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এল শোকের ছায়া। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল। পুরী থেকে কলকাতায় ফেরার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পথে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর কলকাতায় পৌঁছে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
মঙ্গলবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত বুধবার সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ঘনিষ্ঠ বন্ধু ও প্রখ্যাত চিত্রনাট্যকার শিবাশিস মুখোপাধ্যায়। দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্ক ছিল তাঁদের মধ্যে।

বাংলা টেলিভিশনের পৌরাণিক ও ঐতিহাসিক ধারাবাহিকের জগতে বিশেষ পরিচিত নাম ছিলেন ঋতম ঘোষাল। মহাপীঠ তারাপীঠ, কিরণমালা এবং দেবী চৌধুরাণী-র মতো জনপ্রিয় ধারাবাহিকের চিত্রনাট্য তাঁর কলমেই তৈরি হয়েছিল। পৌরাণিক কাহিনি ও ঐতিহাসিক চরিত্র নির্মাণে তাঁর দক্ষতা বিশেষভাবে প্রশংসিত ছিল ইন্ডাস্ট্রিতে।
ঋতমের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন টলিপাড়ার একাধিক শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন চৈতি ঘোষাল, রূপাঞ্জনা মিত্র, সোহন বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, সোনালী চৌধুরী এবং অনিন্দিতা রায়চৌধুরী।

অভিনেতা-পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায় জানান, পৌরাণিক ও ঐতিহাসিক ধারাবাহিক লেখায় ঋতমের মুন্সিয়ানা ছিল অসাধারণ। ছোটপর্দার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে স্পন্ডিলাইটিস ও আর্থ্রাইটিস-এ ভুগছিলেন তিনি। সুস্থ থাকতে নিয়মিত ব্যয়বহুল ইনজেকশন নিতে হত। শারীরিক কষ্ট সত্ত্বেও সবসময় হাসিখুশি ও কর্মচঞ্চল থাকতেন ঋতম।
সহকর্মীদের মতে, তাঁর এই অকাল প্রয়াণ বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি।