Popular Posts

প্রথম তালিকা ঘোষণার পরেই প্রচার-ময়দানে বাম-বিজেপি প্রার্থীরা

সুমিত দে, কলকাতা:২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকা প্রকাশের পর মঙ্গলবার থেকেই একাধিক প্রার্থী নিজেদের কেন্দ্রে প্রচার শুরু করেছেন। বুধবার রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের রাস্তায় নেমে জনসংযোগ করতে দেখা যায়।


মালদহের গাজোল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিন্ময়দেব বর্মণ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। পুজোর পর স্থানীয় এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। হাওড়ার শিবপুর কেন্দ্রে প্রচারে নামেন অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় সস্ত্রীক মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। পরে এলাকাজুড়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। বীরভূমের সিউড়ি কেন্দ্রেও প্রচারে সক্রিয় হন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। একইভাবে উত্তর ২৪ পরগনার বরানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষকেও প্রচারে নামতে দেখা যায়।


অন্যদিকে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরাও নির্বাচনী প্রচারে নেমেছেন। দমদম বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস প্রচার শুরু করেছেন। পানিহাটিতে বাম প্রার্থী কলতান দাশগুপ্ত জনসংযোগে অংশ নেন। রাজারহাট–নিউটাউন কেন্দ্রে প্রচারে নেমেছেন বাম প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়ও রাস্তায় নেমে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *