1
1
শ্রেয়া সেনগুপ্ত, হাওড়া:
রবিবার সকালেই চরম ভোগান্তিতে পড়লেন যাত্রীরা। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখায় আপ ও ডাউন—দুই দিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেড ইকুইপমেন্টে হঠাৎ ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার ফলেই এই সমস্যা তৈরি হয়। এর জেরে একাধিক লোকাল ট্রেন এবং কয়েকটি দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।
সমস্যার জেরে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে প্ল্যাটফর্মে ক্রমশ যাত্রীদের ভিড় বাড়তে থাকে এবং চরম অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা।
রেল সূত্রে আরও জানা গিয়েছে, ওভারহেড ইকুইপমেন্টের সার্কিটে ত্রুটির কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ১০টা পর্যন্ত ট্রেন চলাচলে সমস্যা থাকলেও, সকাল ১০টা ১০ মিনিটের পর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হয়।
তবে ছুটির দিনেও এই ধরনের সমস্যায় বারবার ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। রেলের রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বজ্ঞান নিয়েও উঠছে প্রশ্ন।