1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:
এপ্রিলের প্রথম দিনেই চৈত্রের দহনে নাজেহাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বুধবার সকাল থেকেই ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা। চাঁদিফাটা রোদে জেলায় জেলায় বেড়েছে অস্বস্তি।
India Meteorological Department-এর আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৬৫ শতাংশের কাছাকাছি। এর ফলে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও গরমের অস্বস্তি অনেক বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলায় কলকাতার তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সন্ধ্যার পর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, ফলে ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ৫ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
এর ফলে উত্তরবঙ্গে সাময়িক স্বস্তি মিললেও দক্ষিণবঙ্গে আপাতত গরমের দাপটই বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।