1
1
সুমিত দে, কলকাতা:দিল্লির বহুচর্চিত আবগারি মামলায় আদালতের রায়ে অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া-সহ ২১ জনের সম্পূর্ণ অব্যাহতি ঘোষণার পর কলকাতায় উৎসবের আবহ তৈরি হয়। শুক্রবার সন্ধ্যায় মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে জমায়েত হন আম আদমি পার্টি (আপ)-র পশ্চিমবঙ্গ শাখার নেতা-কর্মীরা।
দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চত্বর। একে অপরকে মিষ্টিমুখ করানো, আবির খেলায় সামিল হওয়া এবং স্লোগানে স্লোগানে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। নেতৃত্বের দাবি, “সত্যের জয় হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার পরাজয় ঘটেছে।”
পশ্চিমবঙ্গ শাখার নেতারা বলেন, আদালতের এই রায় প্রমাণ করেছে যে অভিযোগগুলি ভিত্তিহীন ছিল। তাঁরা আরও দাবি করেন, দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপ আরও শক্তভাবে এগিয়ে যাবে।

তবে বিরোধী শিবিরের পক্ষ থেকে এই বিষয়ে এখনও তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের মতে, এই রায়ের প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে পারে।
মেয়ো রোড চত্বরে যাতে আইনশৃঙ্খলার কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখে পুলিশ প্রশাসন। সামগ্রিকভাবে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।