1
1
বঙ্গLive কলকাতা ডেস্ক :অসমে ভেঙে পড়া ভারতীয় বায়ুসেনার সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানের দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বায়ুসেনা। শুক্রবার সকালে উদ্ধার অভিযানের পর তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে ভারতীয় বায়ুসেনা দুই পাইলটের পরিচয় প্রকাশ করে এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানায়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
জানা গিয়েছে, প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি। বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে বিমানটি উড়েছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর রাত ৭টা ৪২ মিনিট নাগাদ শেষবার যোগাযোগ করা যায় বিমানটির সঙ্গে। এরপরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শেষবার যোগাযোগের সময় যুদ্ধবিমানটির অবস্থান ছিল অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী এলাকায়। পরে বায়ুসেনা জানায়, জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অসমের কার্বি আংলং জেলার দুর্গম এলাকায় প্রশিক্ষণের সময় বিমানটি ভেঙে পড়ে।

ঘটনার পরপরই ভারতীয় বায়ুসেনা হেলিকপ্টার নিয়ে তল্লাশি অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধান চালানোর পর শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল থেকে সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং দুই পাইলটের দেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার বহরে বর্তমানে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ২৬০টিরও বেশি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে। এর আগে ২০১৭ সালে অসমের তেজপুর বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই যুদ্ধবিমান। সেই দুর্ঘটনাতেও এক স্কোয়াড্রন লিডার ও এক ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল।

প্রায় একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ফের দুই বায়ুসেনা পাইলটের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বায়ুসেনা মহলে।