Popular Posts

৪৩০ মডেল স্কুল থেকে ৫০ হাজার অঙ্গনওয়াড়ি উন্নয়ন সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্পে শিক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের

সুমিত দে, কলকাতা:স্কুল শিক্ষা ও অঙ্গনওয়াড়ি পরিকাঠামো উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটিরও বেশি টাকার নতুন প্রকল্পে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
‘Enhancing School Education’ প্রকল্প
রাজ্যের নতুন কর্মসূচি— Enhancing School Education—এর আওতায় প্রায় আড়াই হাজার কোটি টাকায় ৪৩০টি মডেল স্কুল গড়ে তোলা হবে। এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে Asian Development Bank (এডিবি)। ব্যয়ের ৭০ শতাংশ বহন করবে এডিবি এবং ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার।


শিক্ষামন্ত্রী জানান,
প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল তৈরি হবে
৮৭টি অনগ্রসর ব্লকে দুটি করে স্কুল গড়া হবে
বাংলা ও ইংরেজি—দুই মাধ্যমেই পড়াশোনার সুযোগ থাকবে
পৃথক মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থা থাকবে
এই মডেল স্কুলগুলিতে থাকবে স্মার্ট ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল পরিকাঠামো, সমৃদ্ধ লাইব্রেরি, ক্রীড়ার বিশেষ ব্যবস্থা, উন্নত স্যানিটেশন এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য উপযোগী অবকাঠামো।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও বড় বিনিয়োগ
স্কুল শিক্ষার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নে ২,১৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এখানেও ৭০ শতাংশ অর্থ দেবে এডিবি এবং ৩০ শতাংশ দেবে রাজ্য। রাজ্যের অংশ হিসেবে প্রায় ৬৪৪.৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পাঁচ বছরের মধ্যে ৫০ হাজার Integrated Child Development Services (আইসিডিএস) কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের ৩০ দিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। শিশুদের উন্নত শিক্ষাসামগ্রী, পুষ্টির মান বৃদ্ধি এবং কর্মীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।


শিক্ষার মানোন্নয়নে জোর
সরকারি স্কুলের পরিকাঠামো ও পাঠ্যক্রম উন্নয়নের ফলে স্কুলছুটের হার কমেছে এবং বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় সরকারি স্কুলের পড়ুয়াদের সাফল্য বেড়েছে বলে দাবি রাজ্যের। সেই ধারাবাহিকতাতেই এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর দুই মন্ত্রীই জানান, শিক্ষা ও শিশুকল্যাণে এই বিনিয়োগ আগামী দিনে রাজ্যের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *