Popular Posts

গোবরডাঙা স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

বঙ্গ Live কলকাতা desk: মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজার এলাকায়। ১ নম্বর প্ল্যাটফর্মের লাগোয়া একটি ছোট হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। হোটেলে রাখা গ্যাসের সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান স্থানীয়দের।


ঘিঞ্জি বাজার এলাকায় আগুন লাগায় মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। স্টেশনের একেবারে পাশেই ঘটনা ঘটায় কালো ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকা। আতঙ্ক ছড়ায় যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরপর তিন থেকে চারটি দোকান নিমেষের মধ্যে পুড়ে যায়। দোকান বাঁচাতে ব্যবসায়ীরা দ্রুত মালপত্র বের করে রেললাইনের উপর ফেলে দেন। স্থানীয় বাসিন্দারাও প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।


সকাল ৭টা নাগাদ শিয়ালদহ–বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশন সংলগ্ন এলাকায় আগুন লাগার জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে বেলা বাড়তেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হয়।
ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *