1
1
শ্রেয়া সেনগুপ্ত, বাঁকুড়া:বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত রাউখণ্ড গ্রামপঞ্চায়েতের জামদিগরি রাজার বাগান এলাকায় দলছুট এক দাঁতাল হাতির তাণ্ডবে বৃহস্পতিবার সকালে মরমান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনায় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। একটি গরুর মৃত্যুর খবরও মিলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে আচমকাই গ্রামে ঢুকে পড়ে ক্ষিপ্ত দাঁতাল হাতিটি। অধিকাংশ মানুষ তখনও ঘুমিয়ে থাকায় হঠাৎ পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ, একটি বাড়িতে বসে থাকা বাবা ও মেয়ের উপর আচমকা হামলা চালায় হাতিটি। শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারায় তারা গুরুতর জখম হন। এরপর একাধিক বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে দাঁতালটি, ফলে বেশ কয়েকটি বাড়ির দরজা ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে মাঠে থাকা আরও কয়েকজন গ্রামবাসীর উপর তেড়ে যায় হাতিটি। ধারাবাহিক হামলায় মোট ৬ জন আহত হন, যাদের দ্রুত জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকদের সবরকম নজরদারিতে রাখা হয়েছে আহতদের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর ও জয়পুর থানার পুলিশ। তবে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করতে গিয়ে সমস্যায় পড়েন বনকর্মীরা। অতিরিক্ত মানুষের ভিড় ও হাতির চলাচলের পথ ঘিরে ফেলায় প্রাণীটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে জানিয়েছে প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামজুড়ে মাইকিং করে ভিড় না করার আবেদন জানানো হয়। আতঙ্কে বহু পরিবার ঘরবন্দি হয়ে পড়ে এবং শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ চেষ্টার পর একাধিকবার ঘুমপাড়ানি গুলি প্রয়োগ করা হলে হাতিটি অচেতন হয়ে পড়ে। পরে ক্রেনের সাহায্যে তাকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বনদপ্তর।
ঘটনার পর গোটা এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার এবং অযথা ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে।