Popular Posts

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্না ৬ মার্চ, জোর প্রস্তুতি মেট্রো চ্যানেলে

সুমিত দে,কলকাতা:ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনার আবহে আগামী ৬ মার্চ কলকাতার ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ধর্মতলা এলাকায় জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।
শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলায় এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে এবং এর প্রতিবাদেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে।


দলীয় সূত্রে জানা গিয়েছে, গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে ধর্নায় অংশ নেবেন দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। ধর্মতলা মেট্রো চ্যানেলে মঞ্চ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বহু মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত সমস্যার সমাধান ও স্বচ্ছ যাচাই প্রক্রিয়ার দাবিতে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি শাসকদলের।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, নির্বাচন কমিশন সংবিধান মেনে নিরপেক্ষভাবেই কাজ করছে।


উল্লেখ্য, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা ইস্যু ইতিমধ্যেই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। ফলে ৬ মার্চ ধর্মতলার ধর্না কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *