1
1
শ্রেয়া সেনগুপ্ত | কলকাতা
শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা Rahul Arunoday Banerjee। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় ৪৩ বছর বয়সী এই অভিনেতার। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে টলিউড ও টেলিপাড়ায়।

প্রিয় অভিনেতার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,
“বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই—এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
জানা গিয়েছে, দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালীন আচমকাই উত্তাল সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। সূত্রের খবর, একটি দৃশ্যের শুটিংয়ের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জলে চলে যান। সেখানে উপস্থিত টেকনিশিয়ান ও উদ্ধারকারী দল দ্রুত তাঁকে জল থেকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায়।

তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ টলিউড মহল ও তাঁর অসংখ্য অনুরাগী।