1
1
সুমিত দে, কলকাতা:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী Mamata Banerjee। উন্নয়ন ও মানুষের কল্যাণকে মূল ভিত্তি করে ‘১০ প্রতিজ্ঞা’-র অঙ্গীকার তুলে ধরেছেন তিনি।
ইস্তাহার প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, গত পনেরো বছরে মা-মাটি-মানুষের সরকারের হাত ধরে বাংলায় যে উন্নয়নের ভিত তৈরি হয়েছে, তার উপর দাঁড়িয়েই আগামী পাঁচ বছরে নতুন প্রতিশ্রুতিগুলির পূর্ণ বাস্তবায়ন করা হবে। বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে রাজ্যকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, এই ইস্তাহার শুধুমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি একটি “জীবন্ত দলিল”। গত কয়েক বছরে রাজ্যের পরিবর্তনের ধারা সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
ইস্তাহারে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের দাবি, গ্রাম থেকে শহর— সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রতিটি পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, উন্নয়ন শুধুমাত্র পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন ঘটানোই সরকারের লক্ষ্য। একই সঙ্গে সমালোচনা, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে উন্নত বাংলা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।