1
1
সুমিত দে, কলকাতা : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সমস্যাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলায় প্রতিবাদ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, দেশে গ্যাসের কোনও প্রকৃত সঙ্কট নেই, বরং কেন্দ্রের নীতির কারণেই কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, গ্যাসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং মিছিলটি নির্বাচনের আগেই নির্ধারিত ছিল। তাঁর দাবি, গ্যাস সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে তিনি জেনেছেন যে সরবরাহে প্রকৃত ঘাটতি নেই। “আমরা বলছি সার্ভার ওপেন করুন। মানুষ আবেদন করেও লাইন পাচ্ছেন না। কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে,”—বলেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের হাতে দ্রুত গ্যাস পৌঁছে দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রচারের বদলে গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়াই বেশি জরুরি ছিল। কর্মসংস্থান প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিভিন্ন রাজ্যের মানুষ যেমন বাংলায় কাজ করেন, তেমনই বাংলার মানুষও দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন—এ নিয়ে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়।
নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি শান্তিপূর্ণ ভোটগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন প্ররোচনায় পা না দেন। একই সঙ্গে অভিযোগ করেন, বাইরে থেকে লোক এনে ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে—এ বিষয়ে সতর্ক থাকার বার্তাও দেন তিনি।

ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক নিয়েও বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ পড়লে সংশ্লিষ্টদের ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দেন তিনি এবং জানান, সেখানে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে। সুপ্রিম কোর্টের উপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, যাঁদের নাম বাদ যাবে তাঁদের অধিকার রক্ষায় আইনগত পথে লড়াই চালানো হবে।
প্রতিবাদ মিছিল ও মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্রের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।