Popular Posts

সকালে সরাল কমিশন, দুপুরেই নতুন দায়িত্ব: পীযূষ, সুপ্রতিম, মনোজ, বিনীতদের কোথায় বসাল নবান্ন

সুমিত দে, কলকাতা:পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরই রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরপরই একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা পুলিশ আধিকারিককে সরানো হয়। কয়েক ঘণ্টার মধ্যেই অপসারিত আধিকারিকদের নতুন দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।


নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরানো হয় পীযূষ পাণ্ডেকে। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধনাথ গুপ্তকে। পরে নবান্ন পীযূষ পাণ্ডেকে ডিজি (নিরাপত্তা অধিকর্তা) পদে নিয়োগ করে।
একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকেও পদ থেকে সরানো হয়। নতুন কলকাতা পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান অজয়কুমার নন্দ। অপসারিত সুপ্রতিম সরকারকে রাজ্যের এডিজি (সিআইডি) করা হয়েছে। পাশাপাশি তাঁকে এডিজি (আইবি), কলকাতা—এই অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
রাজ্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) পদেও পরিবর্তন আনা হয়। এই পদে থাকা বিনীত গোয়েলকে সরিয়ে এডিজি (আইনশৃঙ্খলা) করা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। পরে বিনীত গোয়েলকে রাজ্য আইবি-র ডিজি পদে দায়িত্ব দেওয়া হয়।
ডিজি (কারা) পদেও রদবদল হয়েছে। এই পদে দায়িত্ব পেয়েছেন নটরাজন রমেশ বাবু। অন্যদিকে, এতদিন নিরাপত্তা অধিকর্তার দায়িত্বে থাকা মনোজ বর্মাকে এডিজি (অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা) করা হয়েছে।
এছাড়াও রাজ্যের এডিজি (সিআইডি) পদে থাকা লক্ষ্মীনারায়ণ মীনাকে এডিজি (কারা) হিসেবে নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, যাঁদের নির্বাচন সংক্রান্ত পদ থেকে সরানো হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কোনও নির্বাচন-সম্পর্কিত দায়িত্বে রাখা যাবে না। সেই নির্দেশ মেনেই দুপুরে সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন প্রশাসনিক দায়িত্ব নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *