Popular Posts

তৃণমূলে যোগ প্রাক্তন ক্রিকেটারসহ তিন বিশিষ্ট মুখ, প্রার্থী তালিকার আগে জল্পনা তুঙ্গে

সুমিত দে, কলকাতা:পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর এবার নজর প্রার্থীপদ ঘোষণার দিকে। মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল ভবন থেকেই ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগেই এদিন সকালে দলে যোগ দিলেন বিভিন্ন ক্ষেত্রের একাধিক পরিচিত মুখ, যা রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।
এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ পার্থ ভৌমিকের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল। পাশাপাশি সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার আব্দুল মাতিনও ঘাসফুল শিবিরে নাম লেখান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও একাধিক বিশিষ্ট ব্যক্তি এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বলে দল সূত্রে জানা গেছে।


নতুন যোগদানকারীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যাঁরা এদিন জোড়াফুলের পতাকা হাতে তুললেন, তাঁদের মধ্যে কেউ কি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন? এর উত্তর মিলবে প্রার্থী তালিকা ঘোষণার পরেই।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সমাজের সব স্তরের মানুষের উন্নয়নে কাজ করছে। সেই কাজেই অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সম্প্রদায় ও পেশার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাঁর দাবি, এবারের প্রার্থী তালিকায় সেলিব্রিটি থেকে সামাজিক নেতৃত্ব—সব ক্ষেত্রের প্রতিনিধিত্ব দেখা যাবে।
এদিনের সাংবাদিক বৈঠকে রাজনৈতিক তরজাও চড়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্ভাব্য ভবানীপুর প্রার্থিতা নিয়ে কটাক্ষ করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ‘ধন্যবাদ’ জানিয়ে তিনি বলেন, ভবানীপুরে প্রার্থী করা হলে শুভেন্দুকে বড় ব্যবধানে হারতে হবে এবং সেই ফলাফলই মানুষের সামনে স্পষ্ট হবে। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই প্রার্থী হওয়া নিয়ে শুভেন্দু অধিকারী ভীত বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনের ভূমিকা এবং এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী।
জানা গিয়েছে, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফল প্রকাশ হবে ৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *