1
1
সুমিত দে, কলকাতা:সব মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী Mamata Banerjee। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার পর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-কে পাশে নিয়ে রাজ্যের ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।
দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং—এই তিনটি পাহাড়ি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে না বলে জানান দলনেত্রী। ওই এলাকাগুলিতে জিটিএ-র প্রতিনিধিরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বিষয়ে Anit Thapa-র সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দলের প্রকাশিত তালিকায় অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি নবীন মুখ, সাংবাদিক, ক্রীড়াবিদ এবং সংস্কৃতি জগতের প্রতিনিধিদেরও স্থান দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, প্রার্থী তালিকায় প্রায় ৫০ শতাংশ মহিলা রয়েছেন। এসসি-এসটি সম্প্রদায়ের প্রায় ৯৫ জন প্রার্থী, যার মধ্যে ৭৮ জন এসসি। সংখ্যালঘু সম্প্রদায় থেকে রয়েছেন ৪৭ জন প্রার্থী। বয়সের নিরিখে ৩১ বছরের কম বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৮ জন এবং ৪১–৫০ বছর বয়সী প্রার্থীর হার প্রায় ৩১ শতাংশ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কালিম্পং, কার্শিয়ং ও দার্জিলিংয়ে অনীত থাপারাই লড়বেন। সেখানে আমরা প্রার্থী দিচ্ছি না। বাকি ২৯১টি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে দল “২২৬-এর বেশি আসন পেয়ে জয়ী হবে।”
তাঁর বক্তব্যে নির্বাচনী লড়াইকে “বাংলার অস্মিতা ও স্বাভিমানের লড়াই” হিসেবে তুলে ধরে বলেন, কেন্দ্র রাজ্যের একাধিক ক্ষমতা কেড়ে নিলেও মানুষের সমর্থনই দলের প্রধান শক্তি। পাশাপাশি তিনি জানান, নির্বাচন ঘোষণা হলেও রাজ্যে সরকার তৃণমূলেরই রয়েছে।