1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা: প্রাথমিক স্তরে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের জন্য নেওয়া টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)-এর ফলাফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার প্রকাশিত ফল অনুযায়ী মোট ২০১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
গত ২২ ফেব্রুয়ারি বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগের এই পরীক্ষা নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার স্থায়ী স্পেশ্যাল এডুকেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে এই পদে মোট শূন্যপদ রয়েছে ২৩০৮টি।
পর্ষদের তথ্য অনুযায়ী, পরীক্ষার জন্য মোট ৩২৮৫ জন আবেদন করেছিলেন। তার মধ্যে ২৭৭৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। সোমবার সন্ধ্যা ৭টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিজেদের নম্বর দেখতে পাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ২৩০৮টি শূন্যপদে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের আরসিআই অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ডিএলএড (স্পেশ্যাল এডুকেশন) কোর্স করা বাধ্যতামূলক। পাশাপাশি বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের পড়ানোর জন্য ছ’মাসের প্রশিক্ষণও থাকতে হবে বলে জানানো হয়েছিল।