1
1
সুমিত দে,কলকাতা:ভোটের আবহে নিউটাউন এলাকায় বড়সড় নগদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর গোয়েন্দা বিভাগ এবং ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টার সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিল বিধাননগর গোয়েন্দা পুলিশ ও Eco Park Police Station-এর পুলিশ। সন্দেহজনক একটি অ্যাপ ক্যাব চিহ্নিত করার পর সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকেই সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে আটক করা হয়, পরে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি গুজরাটের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কলকাতার বড়বাজার এলাকা থেকে ওই টাকা নিউটাউনে নিয়ে আসা হচ্ছিল। তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কী উদ্দেশ্যে আনা হচ্ছিল এবং এর সঙ্গে কোনও নির্বাচনী যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস, প্রকৃত মালিক এবং সম্ভাব্য লেনদেনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। প্রয়োজনে আর্থিক নথিপত্রও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
ভোটের আগে নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।