1
1
সুমিত দে, কলকাতা:দেশজুড়ে ফের পেট্রোলের দাম বৃদ্ধি পেল। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রিমিয়াম গ্রেড পেট্রোলের মূল্য লিটারপিছু প্রায় ২ থেকে ২.৩৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির জেরেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে তেল সংস্থার সূত্রে জানা গিয়েছে।
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের প্রিমিয়াম পেট্রোল ভ্যারিয়েন্ট—যেমন XP95, Power ও Speed—এর ক্ষেত্রে নতুন দাম কার্যকর হয়েছে। তবে আপাতত সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে জ্বালানির উপর। বৈশ্বিক সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেল বিপণন সংস্থাগুলি ধাপে ধাপে মূল্য সমন্বয়ের পথে হাঁটছে।
যদিও সাধারণ পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে, তবুও প্রিমিয়াম জ্বালানির মূল্যবৃদ্ধি পরিবহণ ব্যয় এবং উচ্চমানের জ্বালানি ব্যবহারকারী গাড়ির মালিকদের উপর বাড়তি চাপ ফেলতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক মহলের একাংশ। পাশাপাশি ভবিষ্যতে সাধারণ জ্বালানির দামেও প্রভাব পড়তে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বর্তমানে দিল্লিতে পেট্রোলের দাম প্রায় ৯৪.৭৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা প্রতি লিটার রয়েছে। অন্যান্য বড় শহরেও মূলত একই প্রবণতা বজায় রয়েছে।
ভোটের আবহে জ্বালানির দামের এই পরিবর্তন রাজনৈতিক ও অর্থনৈতিক দুই ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার উপর নজর রেখেই আগামী দিনে জ্বালানির মূল্য নির্ধারণ হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই মূল্যবৃদ্ধি সাময়িক পর্যায়েই সীমাবদ্ধ থাকে, নাকি সাধারণ পেট্রোল ও ডিজেলের দামেও তার প্রভাব পড়ে।