1
1
সুমিত দে,কলকাতা : রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে মামলার জট আবারও গড়াল শীর্ষ আদালতে। বকেয়া ডিএ মেটানোর জন্য অতিরিক্ত সময় চেয়ে এবার Supreme Court-এর দ্বারস্থ হল রাজ্য সরকার।
গত ৫ ফেব্রুয়ারির রায়ে শীর্ষ আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল, বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে। সেই নির্দেশের ভিত্তিতেই নতুন আবেদন জমা দিয়েছে রাজ্য।

রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, ওই রায়ের নির্দেশ অনুযায়ী এখনই ২৫ শতাংশ ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সূত্রের খবর, আসন্ন নির্বাচনের কারণে আর্থিক ও প্রশাসনিক চাপের কথাও আদালতে উল্লেখ করা হয়েছে।
তাই বিকল্প হিসেবে রাজ্য সরকার আদালতের কাছে সময় চেয়েছে। আবেদনে বলা হয়েছে, বকেয়া ডিএ-র অগ্রিম ২৫ শতাংশ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে বা তার আগেই পরিশোধ করার অনুমতি দেওয়া হোক।

শুক্রবার দাখিল করা আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৫ ফেব্রুয়ারির রায়ের সংশোধন চাওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে—উল্লেখিত সময়সীমা মঞ্জুর করা না হলে এই বিষয়ে অন্য কোনও নির্দেশ দেওয়া হোক।
চলতি ডিএ মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর রাজ্যের সরকারি কর্মীদের।