1
1
বঙ্গ Live কলকাতা ডেস্ক:
বাংলার বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফায় সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি কেন্দ্রে চলছে এই পর্ব। সকাল ১১টা পর্যন্ত গড় ভোটের হার প্রায় ৪১.১১ শতাংশ।
ভোটের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। Election Commission of India-এর রাজ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ২৬০টি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি cVIGIL অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ নথিভুক্ত হয়েছে।

বিশেষ করে মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায়। ডোমকল ও নওদা—দুই কেন্দ্রেই অশান্তির খবর সামনে এসেছে। ডোমকলের ঘটনায় ইতিমধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন। অন্যদিকে নওদায় হুমায়ুন কবীরের অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে সিইও দফতর।
এছাড়াও বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা এবং পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।