1
1
শ্রেয়া সেনগুপ্ত, নয়া দিল্লি
রাজধানী দিল্লির সুরক্ষিত সরকারি আবাসনেও নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। এক আইআরএস আধিকারিকের কোয়ার্টারেই তাঁর ২২ বছরের মেয়েকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বাড়িরই প্রাক্তন পরিচারক রাহুল মীনাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লির কৈলাস হিল এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় তরুণী বাড়িতে একাই ছিলেন। তাঁর বাবা-মা জিমে গিয়েছিলেন। বাড়ি ফিরে তাঁরা মেয়েকে নিথর অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের আগে তরুণীর উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল। পরে তাঁর মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ।
ঘটনায় অভিযুক্ত রাহুল মীনা, রাজস্থানের আলওয়ারের বাসিন্দা। জানা গিয়েছে, প্রায় এক মাস আগেও সে ওই বাড়িতে কাজ করত। কিন্তু আচরণ ও কাজ সন্তোষজনক না হওয়ায় তাকে ছাঁটাই করা হয়। সেই ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ।
বাড়িতে জোর করে ঢোকার কোনও চিহ্ন মেলেনি। তদন্তকারীদের অনুমান, অভিযুক্তের কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল এবং পরিবারের দৈনন্দিন রুটিন সম্পর্কে তার আগেই ধারণা ছিল। সেই সুযোগেই পরিকল্পিতভাবে এই অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

অভিযুক্তকে দ্বারকার একটি হোটেল থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে রাজধানীতে আবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।