Popular Posts

সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা ইমন চক্রবর্তীর, লাইভে আবেগঘন বার্তা

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:
সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। ফেসবুকে লাইভে এসে তিনি জানান, ব্যক্তিগত আক্রমণ ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তির জেরে তিনি গভীরভাবে আঘাতপ্রাপ্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত।
লাইভে ইমন জানান, সম্প্রতি তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে একটি পাঁচালি পরিবেশন করেছিলেন। সেই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নানা কটাক্ষ ও বিদ্রূপের মুখে পড়তে হয়েছে। তবে পরিস্থিতি চরমে পৌঁছয় যখন তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীর পোস্টে আপত্তিকর মন্তব্য করা হয়।


গায়িকার দাবি, তাঁর প্রয়াত মাকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। সেই মন্তব্য দেখেই তিনি সারারাত ঘুমোতে পারেননি বলে জানান। লাইভে আবেগাপ্লুত কণ্ঠে ইমন বলেন, তিনি একজন সঙ্গীতশিল্পী হিসেবে বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন—রবীন্দ্রসঙ্গীত থেকে প্লেব্যাক, এমনকি পাঁচালিও। গান গাওয়াকে তিনি তাঁর পেশা ও দায়িত্ব হিসেবেই দেখেন। কিন্তু সেই কারণে তাঁর ব্যক্তিগত পরিসরে আক্রমণ মেনে নিতে পারছেন না।
তিনি আরও বলেন, “আমার ব্যক্তিগত জীবনে কী করব, কী পরব, কার সঙ্গে মিশব—তা নিয়ে কারও মন্তব্য করার অধিকার নেই। যদি কেউ আমার গান শুনতে না চান, না শুনলেও আমার আপত্তি নেই।”
ইমন স্পষ্ট জানান, সোশ্যাল মিডিয়ার এই পরিবেশ তাঁর জন্য নয়। মানসিকভাবে তিনি ক্লান্ত ও বিধ্বস্ত বলেও মন্তব্য করেন।
ঘটনাকে কেন্দ্র করে তাঁর অনুরাগী মহলে উদ্বেগ ছড়িয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় গায়িকার পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা দিচ্ছেন। তবে আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্তেই অনড় রয়েছেন ইমন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *