Popular Posts

প্রবল গরমে স্বস্তির ইঙ্গিত, সপ্তাহান্তেই ভিজবে দক্ষিণবঙ্গ

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:
হাঁসফাঁস করা গরমের মাঝেই কিছুটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। আগামী তিন-চার দিন অস্বস্তিকর গরম বজায় থাকলেও সপ্তাহান্তে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে মঙ্গল ও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
ইতিমধ্যেই রাজ্যজুড়ে গ্রীষ্মের দাপট শুরু হয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে তাপমাত্রা দ্রুত বাড়ছে। সঙ্গে উচ্চ আর্দ্রতার কারণে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও অস্বস্তি চরমে।
তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তন শুরু হতে পারে। রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের অন্তত ৯ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।


পূর্ব বর্ধমান, নদিয়া ও পুরুলিয়াতেও সপ্তাহান্তে কালবৈশাখীসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল হালকা বৃষ্টি হলেও বুধবার সন্ধ্যার পর তা কিছুটা কমবে। তবে শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের বৃষ্টি বাড়বে। ওই সময় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সব মিলিয়ে, তীব্র গরমের মাঝেই সপ্তাহান্তে বৃষ্টি এনে দিতে পারে কিছুটা স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *