Popular Posts

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পরপর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

শ্রেয়া সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর
কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে তৃণমূল সরকার—এই দাবি তুলে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও কেশিয়াড়ি-দাঁতনে পরপর দুটি প্রচারসভা থেকে রাজ্য সরকারের ‘রিপোর্ট-কার্ড’ তুলে ধরেন তিনি।
সভামঞ্চ থেকে অভিষেক বলেন, অন্য রাজনৈতিক দল যেখানে প্রতিশ্রুতির কথা বলে, সেখানে তৃণমূল শপথ নিয়ে কাজ করে। দাসপুর এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে বর্ষায় জল জমার সমস্যার কথা তুলে ধরে তিনি জানান, বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার। পাশাপাশি ঘোষণা করেন, ভোটের ফল প্রকাশের ছ’মাসের মধ্যেই দাসপুরের ‘গোল্ড হাব’ চালু করা হবে।


এরপরেই বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেকের কথায়, উন্নয়নের পরিসংখ্যান নিয়ে রাজনৈতিক লড়াই হোক। ক্ষমতা থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুক বিজেপি।
কেন্দ্রের নীতির সমালোচনা করে তিনি বলেন, নোটবন্দি থেকে লকডাউন—প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে মোদি সরকার। এলপিজি থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার জন্যও মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। তাঁর কটাক্ষ, এবার সেই মানুষই ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে জবাব দেবে।
সভা থেকে আরও অভিযোগ করেন, বিজেপির নেতারা ফোন করে বুথ লেভেল এজেন্টদের টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, “ফোন করলে ধরবেন। দু’হাজার চাইলে বলবেন দশ হাজার। পদ্মফুলের টাকা নিন, কিন্তু ভোট দিন জোড়াফুলে।”
একই সঙ্গে তাঁর দাবি, সাধারণ মানুষের প্রাপ্য টাকা আটকে রেখে বিজেপির নেতারা বিলাসবহুল গাড়ি ও দামী পার্টি অফিস তৈরি করছেন। তাই ভোটের মাধ্যমে সেই অন্যায়ের জবাব দেওয়ার আহ্বান জানান তৃণমূলের এই শীর্ষ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *