Popular Posts

প্রাক দোল উৎসবের মঞ্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, ডান্ডিয়ার তালে পা মেলালেন মমতা

শ্রেয়া সেনগুপ্ত,কলকাতা: সোমবার দোল উৎসবের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসব থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে আগাম দোল ও হোলির শুভেচ্ছা জানান তিনি। একই মঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে শিল্পীদের অনুরোধে সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে তাল মিলিয়ে ডান্ডিয়ার ছন্দে পা মেলাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ উচ্ছ্বাসের সৃষ্টি করে।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নির্মল দাস, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি-সহ টেলি ও টলি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
সম্প্রীতির বার্তা
উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সংস্কৃতির মূল শক্তিই হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের একসঙ্গে উপস্থিতিই বাংলার সামাজিক সম্প্রীতির প্রকৃত পরিচয় বহন করে।
মঞ্চে রাজস্থানি, গুজরাটি, বিহারি ও পাঞ্জাবি নৃত্য পরিবেশনা দর্শকদের মন জয় করে। সংগীত পরিবেশন করেন নচিকেতা, ইমন চক্রবর্তী ও ইন্দ্রনীল সেন।
মুখ্যমন্ত্রী বলেন, “দোল হোক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব।” ইস্কন, রামকৃষ্ণ মিশন এবং বিভিন্ন গুরুদ্বারার প্রতিনিধিদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি।
বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বার্তা
সর্বধর্ম সমন্বয়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মানুষকে ভাঙি না, মানুষকে এক করি।” বিভাজনের রাজনীতির বিরোধিতা করে মানবিক মূল্যবোধের জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে সম্প্রীতির পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগত সিংহ এবং মৌলানা আবুল কালাম আজাদ-সহ দেশের একাধিক মনীষীর আদর্শ স্মরণ করে দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *