1
1
সুমিত দে, কলকাতা :আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে রাজ্য পুলিশের ছুটি মঞ্জুরির ক্ষেত্রে জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের সাধারণ ছুটি না দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
রাজ্য পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নির্বাচনী সময়ে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে রাখতে পুলিশ বাহিনীর পূর্ণ উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই কারণেই অবিলম্বে কার্যকর হওয়ার ভিত্তিতে সমস্ত পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ, রিজার্ভ ফোর্স এবং বিভিন্ন সশস্ত্র ব্যাটালিয়নের কর্মীদের ছুটি মঞ্জুরির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, অত্যন্ত জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না। বিশেষ ক্ষেত্রে ছুটি মঞ্জুর করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে যাতে কোনও ধরনের জনবল ঘাটতি না তৈরি হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
এই সংক্রান্ত নির্দেশ রাজ্য পুলিশের সমস্ত অতিরিক্ত মহাপরিদর্শক (ADG), মহাপরিদর্শক (IG), বিভিন্ন পুলিশ কমিশনারেটের প্রধান, জেলা পুলিশ সুপার এবং সশস্ত্র ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ কার্যকর করার পাশাপাশি পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখার কথাও বলা হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। সেই কারণেই ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত বাহিনীর কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে এই কড়া অবস্থান নেওয়া হয়েছে।