1
1
সুমিত দে, কলকাতা : মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ ধাপে ধাপে প্রদান করা হবে। এই সিদ্ধান্তের আওতায় রাজ্য সরকারি কর্মী, সরকারি পোষিত সংস্থার কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরাও অন্তর্ভুক্ত থাকবেন।
নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তির অর্থ চলতি মার্চ মাসে প্রদান করা হবে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে।
সরকারি নির্দেশে বলা হয়েছে, চতুর্থ শ্রেণির কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। অন্যদিকে, অন্যান্য সরকারি কর্মীদের বকেয়া অর্থ তাঁদের জিপিএফ (GPF) অ্যাকাউন্টে জমা থাকবে এবং নির্দিষ্ট সময়ের আগে তা তোলা যাবে না। তবে এই সময়সীমার মধ্যে কেউ অবসর নিলে, চাকরি ত্যাগ করলে বা মৃত্যুর ঘটনা ঘটলে সেই অর্থ উত্তোলনে কোনও বাধা থাকবে না।

অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে বকেয়া অর্থ সরাসরি তাঁদের পেনশন অ্যাকাউন্টে পাঠানো হবে। একই পদ্ধতিতে পারিবারিক পেনশনভোগীরাও তাঁদের প্রাপ্য অর্থ পাবেন বলে জানানো হয়েছে।
এদিকে স্কুল, কলেজ, পঞ্চায়েত, পুরসভা ও বিভিন্ন সরকারি পোষিত সংস্থার কর্মীদের বকেয়া ডিএ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে আগে অর্থ দফতরের কাছে প্রাপ্য অঙ্কের হিসাব পাঠাতে হবে। সেই তথ্য যাচাইয়ের পর রাজ্য সরকার পরবর্তী পর্যায়ে অর্থ প্রদানের সময়সূচি ঘোষণা করবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।