Popular Posts

তালিকায় ‘অমিত’ থেকে ‘O-mit’! SIR-এ AI বিতর্কে তোলপাড় বঙ্গ রাজনীতি

সুমিত দে, কলকাতা: Saket Gokhale-এর বিস্ফোরক অভিযোগে নতুন মাত্রা পেল SIR বিতর্ক। তাঁর দাবি, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকা মেলাতে নির্বাচন কমিশন একটি সফটওয়্যার ব্যবহার করেছে—যেখানে পুরনো বাংলা নাম AI-এর মাধ্যমে ইংরেজিতে অনুবাদ করা হয়। আর সেই অনুবাদেই নাকি ‘অমিত’ হয়ে গেছে ‘O-mit’!
অভিযোগ, বানানের এই গরমিলকে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ দেখিয়ে বিপুল সংখ্যক ভোটারকে সন্দেহের তালিকায় ফেলা হয়েছে। সাকেতের দাবি, প্রায় ১.৬৭ কোটি মানুষ প্রথমে স্ক্রুটিনির আওতায় আসেন, এবং শেষপর্যন্ত প্রায় ৯৫ লক্ষ মানুষকে শুনানির নোটিস পাঠানো হয়।
‘মাইক্রো-অবজার্ভার’ নিয়ে প্রশ্ন
সাকেতের আরও অভিযোগ, SIR শুনানিতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ‘মাইক্রো-অবজার্ভার’ হিসেবে নিয়োগ করা হলেও তাঁদের বেআইনিভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এমনকি নির্বাচন আধিকারিকদের অন্ধকারে রেখে হোয়াটসঅ্যাপে নির্দেশিকা জারি করার কথাও তিনি দাবি করেছেন।
তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর গ্রেফতারির দাবি তুলেছেন।
সাকেতের কথায়,
“এখন প্রায় ৮০ লক্ষ বৈধ ভোটারের শুনানি তিন দিনের মধ্যে শেষ করার চাপ তৈরি হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য
SIR ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। ভবানীপুরে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন—
“১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে। সুপ্রিম কোর্টে নির্দেশ দেওয়ার পরেও লুকিয়ে লুকিয়ে ১ কোটি ২০ লক্ষ লোকের নাম কেটে দিয়েছে।”
তিনি জানান, বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন এবং ২৮ তারিখ নতুন তালিকা প্রকাশের কথা।
সুপ্রিম কোর্টের নির্দেশ
মঙ্গলবার Supreme Court of India বাংলার SIR-এর বাকি কাজ শেষ করতে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে। প্রয়োজনে অন্য রাজ্য থেকেও বিচারক আনার কথা বলা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এখনও ৮০ লক্ষের বেশি মামলার নিষ্পত্তি বাকি। প্রতিদিন ২৫০টি করে শুনানি হলেও প্রায় ৮০ দিন সময় লাগতে পারে—এমনই মত প্রধান বিচারপতির।
ভোট কি পিছোবে?
আগামী ১ ও ২ মার্চ নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দলের রাজ্য সফরের কথা ছিল। উচ্চপর্যায়ের বৈঠকও নির্ধারিত ছিল। তবে আপাতত তা স্থগিত।
তাহলে কি SIR জটিলতার কারণে বিধানসভা ভোট পিছোতে পারে?
রাজনৈতিক মহলে জোর জল্পনা।
রাজনৈতিক লড়াই এখন আদালত, প্রশাসন ও জনমত—তিন ময়দানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *