1
1
শ্রেয়া সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর:
বাংলার ভোটমঞ্চে প্রধানমন্ত্রী Narendra Modi-র ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে ঘিরে তীব্র কটাক্ষ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। তাঁর দাবি, গুজরাট, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে কখনও এই দৃশ্য দেখা যায়নি, অথচ বাংলায় এসে তা করছেন মোদি—এটাই প্রমাণ করে রাজ্যের আইনশৃঙ্খলার বাস্তব চিত্র।
ঝাড়গ্রামের লালগড়ের সভা থেকে অভিষেক বলেন, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের মুখে এই ঘটনাই “ঝামা ঘষে দিয়েছে”। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সফরের কারণে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী Hemant Soren-কে হেলিকপ্টার নামানোর অনুমতি না দিয়ে অপেক্ষা করানো হয়েছিল, আর সেই সময়েই মোদি ঝাড়গ্রামে ঝালমুড়ি খাচ্ছিলেন।
তৃণমূল নেতার বক্তব্য, “ঝালমুড়ি যে কেউ খেতে পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু বাংলাকে গুজরাট বা উত্তরপ্রদেশ বানানোর কথা বলার আগে বাস্তবটা দেখা উচিত। ২০১১ সালের আগে জঙ্গলমহলে পরিস্থিতি এমন ছিল যে দুপুরের পর মানুষ ঘর থেকে বেরোতে ভয় পেত।”

এ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র শাসনকেই কৃতিত্ব দেন। তাঁর দাবি, জঙ্গলমহল থেকে পাহাড়—সব জায়গাতেই এখন শান্তি ফিরে এসেছে। এমনকি দার্জিলিংয়ের মতো এলাকাতেও এখন কেন্দ্রীয় নেতারা নির্বিঘ্নে সভা করতে পারছেন।
এদিন ‘ডবল ইঞ্জিন সরকার’-এর প্রসঙ্গ টেনে কর্মসংস্থান নিয়েও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তাঁর প্রশ্ন, “যদি অন্য রাজ্যে এত উন্নয়ন হয়ে থাকে, তাহলে বিহারের যুবকদের কেন বাংলায় এসে জীবিকা খুঁজতে হচ্ছে?”
সবমিলিয়ে, ঝালমুড়ির ঘটনাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও তীব্র করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।