1
1
সুমিত দে,কলকাতা: কলকাতার রেড রোডে আয়োজিত ঈদ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা এবং নাগরিক অধিকার রক্ষার বার্তা দেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একাধিক রাজনৈতিক অভিযোগও তোলেন তিনি।
অনুষ্ঠনের শুরুতেই উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে কিছু অসুবিধা হলেও এটিকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেও দেখা যেতে পারে। মানুষের জীবনের সমস্যা ঈশ্বরই দূর করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত SIR প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি কলকাতা হাইকোর্ট, দিল্লি এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানান। সব ধর্ম, জাতি ও বর্ণের ঊর্ধ্বে উঠে বাংলার মানুষের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের অধিকার কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না। বিদেশ সফর ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরোক্ষ সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিদেশে শান্তির বার্তা দেওয়া হলেও দেশে ফিরে ধর্মীয় বিভাজনের রাজনীতি করা হচ্ছে এবং মানুষকে ‘অনুপ্রবেশকারী’ তকমা দেওয়া হচ্ছে।

রাজ্যে “অঘোষিত রাষ্ট্রপতি শাসন” চলছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রশাসনিক বিভিন্ন পদ থেকে মানুষকে সরিয়ে বিজেপি ঘনিষ্ঠদের বসানোর পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে “বিশ্বাসঘাতকদের দল” বলেও আক্রমণ করেন এবং ভোট ভাগের রাজনীতির অভিযোগ তোলেন।
বক্তৃতার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বলেন, বাংলার ও দেশের সমৃদ্ধি বজায় থাকুক এবং যারা বাংলার ক্ষতি করতে চায় তারা যেন নিজেদের কাজের ফল ভোগ করে।