Popular Posts

পুলিশ অবজার্ভার নিয়োগ ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

সুমিত দে,কলকাতা:
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভার নিয়োগকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
দলীয় সূত্রের দাবি, দেশের ২২টি রাজ্য থেকে মোট ৮৪ জন পুলিশ অবজার্ভারকে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হয়েছে। তবে প্রথম পর্যায়ের এক অফিসারের নাম প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয়। অভিযোগ অনুযায়ী, মালদহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের পুলিশ অফিসার জয়ন্ত কান্তকে, যার পরিবারের সঙ্গে বিজেপির রাজনৈতিক যোগ রয়েছে বলে দাবি তৃণমূলের।


তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই অফিসারের স্ত্রী বিহারের একজন সক্রিয় বিজেপি নেত্রী। সেই কারণে এই নিয়োগকে তারা ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘পরিকল্পিত’ বলে আখ্যা দিয়েছে। দলের বক্তব্য, মালদহ জেলার মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর—এই চারটি বিধানসভা কেন্দ্র বিহার সীমান্ত লাগোয়া হওয়ায় বাইরের প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।
দলের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রভাবেই এই ধরনের নিয়োগ করা হয়েছে এবং এর ফলে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। তৃণমূল কংগ্রেস অবিলম্বে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের অপসারণের দাবি জানিয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। বিজেপির তরফেও এ বিষয়ে সরকারি বক্তব্য সামনে আসেনি।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে প্রশাসনিক নিয়োগকে কেন্দ্র করে এই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ নতুন নয়। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তৈরি হলে ভোটারদের আস্থার ওপর তার প্রভাব পড়তে পারে বলেই মত তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *